ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে আইপিএলের প্লে অফ থেকে আরও দূরে সরে গেছে কলকাতা নাইট রাইডার্স। গতকাল বুধবার ইডেন গার্ডেন্সে মহেন্দ্র সিং ধোনিদের কাছে ২ উইকেটে হারের পর এক বোলারের ওপর দায় চাপান নাইট অধিনায়ক আজিঙ্কা রাহানে। কিন্তু ম্যাচ শেষেই তার অধিনায়কত্ব নিয়ে তুমুল সমালোচনা চলছে।
ম্যাচটিতে আগে ব্যাট করে ১৭৯ রান করেছিল নাইট রাইডার্স। রান তাড়ায় নেমে পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারায় চেন্নাই। সেখান থেকে বৈভব অরোরার এক ওভারে ৩০ রান নেন ডেওয়াল্ড ব্রেভিস। অনেকেই বলছেন, ওই ওভারটাই নাকি কলকাতাকে হারিয়ে দিয়েছে। রাহানে চাইলে অন্য কাউকে দিয়ে বোলিং করাতে পারতেন। তার হাতে বিকল্প বোলার থাকার পরও তিনি এমন ভুল করেছেন।
খেলা শেষে রাহানেকে প্রশ্ন করা হয়, ওই ওভারটাই কলকাতাকে হারিয়ে দিল কিনা? জবাবে রাহানে বলেন, ‘একদমই’। এরপর নিজের বক্তব্য ব্যখ্যা করে রাহানে বলেন, ‘ক্রিকেটের এই ফরম্যাটে অবশ্য এ ধরনের ঘটনা হতেই পারে। একটা ওভারই সবকিছু বদলে দিতে পারে। কিন্তু আমার মনে হয়, ওরা (চেন্নাই) খুব ভালো ব্যাটিং করেছে। ব্রেভিস আর শিবম সঠিক সময়ে ঝুঁকি নিয়েছে। এই জিনিসটাই তাদের কাজে লেগেছে।’
অথচ বৈভবের হাতে যখন রাহানে বল তুলে দিয়েছিলেন, তখন তার হাতে অন্য বিকল্প ছিল। অভিজ্ঞ স্পিনার মইন আলী কিংবা অল-রাউন্ডার আন্দ্রে রাসেলকে তিনি ব্যবহার করতে পারতেন। বিশ্লেষকেরা বলছেন, বোলিং পরিবর্তনে রাহানের এই ভুলের খেসারত দিতে হয়েছে নাইট রাইডার্সকে। চলতি আইপিএলে বেশ কিছু ম্যাচেই রাহানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তবে নিজের অধিনায়কত্ব নিয়ে এখন পর্যন্ত কিছুই বলেলেননি রাহানে।