লোহাগড়ায় চাচাতো ভাই ও প্রতিবেশীর হামলায় নিহত ১

নড়াইলের লোহাগড়ায় বাড়ির ওপর দিয়ে ভ্যান চলাচলকে কেন্দ্র করে চাচাতো ভাই ও প্রতিবেশীর হামলায় সৈয়দ টোকন আলী (৬৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার (৭ মে) দুপুরে লোহাগড়া উপজেলার করফা গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, লোহাগড়া উপজেলার করফা গ্রামে বুধবার দুপুরে টোকন আলীর পরিবারের সাথে চাচাতো ভাই-ভাতিজাদের মধ্যে বাড়ির ওপর দিয়ে ভ্যান চলাচলকে কেন্দ্র করে বাকবিতন্ডতার সৃষ্টি হয়। সন্ধ্যা ৭টার দিকে কৃষক টোকন আলী ও তার দুইসন্তান রাজু মীর ও রুবেল মীর মাঠ থেকে বাড়িতে আসে। বাড়িতে আসার পর সৈয়দ টোকন আলীকে তার স্ত্রী বিরোধের বিষয়টি জানান। এসময় টোকনের চাচাতো ভাই প্রতিবেশী সৈয়দ ফেরদৌস আলী সহ তার সন্তান ও ভাইপোরা সংঘবদ্ধ হয়ে টোকন আলীর পরিবারের ওপর হামলা চালায়। হামলায় টোকন আলী, তার স্ত্রী ও সন্তান রাজু মীর ও রুবেল মীর গুরুতর আহত হয়। এছাড়া টোকন আলীর মেয়েসহ পরিবারের অন্যান্য সদস্যরাও কমবেশি আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদেরকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত টোকন আলীকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। 

নিহতের সন্তান আহত রুবেল জানান, তার পিতার গুরুতর জখম থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে মারা গেছেন।

তিনি আরো জানান, তার চাচা ও চাচাতো ভাইদের সাথে জমিজমা বা তেমন কোন বিরোধ ছিলো না। বাড়ির ওপর দিয়ে ভ্যান যাওয়ায় একটু বিরোধের সৃষ্টি হয়। তা নিয়ে নিমর্মভাবে হামলা চালিয়ে তাদেরকে জখম করে। তার পিতা হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত (ওসি) আশিকুর রহমান জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।