চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে পিএসএলের রাওয়ালপিন্ডির আজকের ম্যাচ বাতিল করা হয়েছে। স্টেডিয়ামের পাশেই একটি ভারতীয় ড্রোন ভূপাতিত হয়েছে। তাই ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়েছে টুর্নামেন্টের ভেন্যু। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে করাচি কিংস ও নাহিদ রানার দল পেশোয়ার জালমির মধ্যকার এই ম্যাচটি হওয়ার কথা ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম জিও নিউজ তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং আকাশসীমা আংশিক বন্ধ থাকায় সামগ্রিকভাবে পিএসএলের সূচি অনিশ্চয়তার মুখে পড়েছে।
সীমান্তে ভারতীয় আগ্রাসন ও অনুপ্রবেশের কারণে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। এরই প্রেক্ষিতে বাতিল করা হয় আজকের এই হাইভোল্টেজ ম্যাচটি।
এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক জরুরি বৈঠকে বাকি ম্যাচগুলো করাচিতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। আজ সন্ধ্যার মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়েছে।
পিএসএল আয়োজনে যাতে বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে নিরাপত্তা ও লজিস্টিকস বিবেচনায় করাচিকেই বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে আজকের ম্যাচ বাতিল হওয়ায় ভক্ত-সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।
পিসিবির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতের ম্যাচ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।