চবির ৫ম সমাবর্তনে পিএইচডি ডিগ্রি পাচ্ছেন ২২ গবেষক

আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় এই সমাবর্তনে পিএইচডি ডিগ্রি পাচ্ছেন ২২ জন গবেষক। আজ বৃহস্পতিবার (৮ মে) বিকেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় চবি প্রশাসন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, সমাবর্তন অনুষ্ঠানের কোর কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, সমাবর্তনের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার। এ ছাড়া এতে উপস্থিত ছিলেন প্রচার-প্রকাশনা ও সনদ কমিটির সদস্য একাউন্টটিং বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ শফিউর রহমান চৌধুরী।

কোর কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী বলেন, বিপুল পরিমাণ কনভোকি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এতে প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি প্রদান করা হবে। এ ছাড়া ৫ম সমাবর্তনে পিএইচডি ডিগ্রি পাচ্ছেন ২২ জন গবেষক। মোট ১৭ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের ৪ জন উপদেষ্টা উপস্থিত থাকবেন। সমাবর্তনে ১৬ হাজার ৬০০ জন শিক্ষার্থীকে সনদ দিতে হবে। এক্ষেত্রে উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রক সহস্তে এসব সনদ তৈরির কাজ করছে। আমরা সর্বোচ্চ নির্ভুলভাবে এই কাজগুলো করার চেষ্টা করছি।

এতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, এক বিশাল আয়োজনের মধ্যে দিয়ে এবারের সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে নিরাপত্তার কারণে ক্যাম্পাসের সমাজবিজ্ঞান অনুষদ ও সমাবর্তন স্থলে বেশকিছু বিধি-নিষেধ দেওয়া থাকবে। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও চবির প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা রেখে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেশ সজাগ রয়েছে।