জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘মোবাইল জার্নালিজম বুট ক্যাম্প ফর ল রিপোর্টার্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সদস্যদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট। এতে সহযোগিতা করে ইউএনডিপি, সুইডিশ দূতাবাস ও সুপ্রিম কোর্ট।
কর্মশালায় আমন্ত্রিত অথিতিরা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগের রোডম্যাপ বাস্তবায়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কর্মশালায় এলআরএফ’র ৪০ জনের বেশি সদস্য অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা। তিনি প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপ তুলে ধরে বলেন, বিচার বিভাগ সংস্কারের প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপের বেশকিছু ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। পৃথক সচিবালয়সহ কয়েকটি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। বিচার বিভাগের স্বাধীনতায় এগুলো বাস্তবায়নের জন্য গণমাধ্যম অগ্রনী ভূমিকা পালন করতে পারে।’
ইউএনডিপি বাংলাদেশের আইন, বিচার এবং নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা রোমানা শোয়েগার বলেন, বিচার বিভাগকে শক্তিশালী করতে আদালত ব্যবস্থাপনা ডিজিটালাইজড করা দরকার। জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে স্বতন্ত্র প্রসিকিউশন ও স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় তিনি এ ধরনের কর্মশালা আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক বলেন, বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নের ইউএনডিপির সহযোগিতায় ইতোমধ্যে দেশের সাতটি অঞ্চলে মতবিনিময় করা হয়েছে। যাতে জনগণ সংস্কারের বিষয়ে সচেতন হতে পারে।
সকালে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক মো. কাউসার আহাম্মদ। বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্না। এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ আবু সাদেক প্রমুখ।