ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করলেন ব্রিজ বিশ্বকাপ দলের সদস্যরা

আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আসন্ন ব্রিজ বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের সদস্যরা। এ সময় বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সেক্রেটারি নাইমুল হাসান ও ট্রেজারার জাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ক্রীড়া উপদেষ্টা দলের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের সাফল্য কামনা করে বলেন, ‘ব্রিজ একটি মানসিক ক্রীড়া যা মেধা, ধৈর্য্য ও কৌশলের সমন্বয়ে গঠিত। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এই দল আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি করবে বলে আমি আশাবাদী।’

দলের সদস্যরা ক্রীড়া উপদেষ্টাকে তাদের প্রস্তুতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তারা জানান, বিশ্বকাপের জন্য তারা নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং দেশের জন্য গৌরব বয়ে আনার লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আগামী আগস্ট মাসে ডেনমার্কে অনুষ্ঠিত হবে ব্রিজ বিশ্বকাপ প্রতিযোগিতা। এবারই প্রথমবারের মতো এতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।