১৫ শহরে হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের

জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটসহ ভারতের ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। জবাবে ভারতীয় বাহিনী লাহোরসহ বেশ কয়েকটি স্থানে পাকিস্তানি এয়ার ডিফেন্স রাডার ও সিস্টেমে পাল্টা হামলা চালায়।

বৃহস্পতিবার বিকালে ভারত সরকার জোর দিয়ে বলেছে, পাকিস্তানের আক্রমণের মতো একই মাত্রায় হামলা চালিয়েছে তাদের সশস্ত্র বাহিনী। হামলায় পাক বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করে দেয়।

সূত্রের বরাতে ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ইসরায়েলের হারোপ ড্রোন ব্যবহার করেছিল ভারত। অন্যদিকে রাশিয়ার তৈরি এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে তারা।

ভারত সরকার বলছে, ধ্বংস করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে। এর মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমকে আর্থিক সহায়তা ও সামরিক প্রশিক্ষণে পাকিস্তানের সমর্থনে আরও জোরালো প্রমাণ হিসেবে তুলে ধরা হবে।

এদিকে পাক সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, সফট-কিল (কারিগরিভাবে) এবং হার্ড-কিল (অস্ত্রের মাধ্যমে) পদ্ধতিতে এখন পর্যন্ত ২৫টি ইসরায়েলে তৈরি হারোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে।