একটা সময় ভিডিও কলিং প্ল্যাটফর্ম হিসেবে স্কাইপ ছিল প্রথম সারিতে। কিন্তু এখন বন্ধ হয়ে গেল স্কাইপ। মাইক্রোসফট জানিয়েছিল ফেব্রুয়ারিতেই যে অচিরেই এটা বন্ধ করে দেবেন। অবশেষে বাইশ বছরের ইতিহাসের সমাপ্তি ঘটল।
শুরুর দিকে মাইক্রোসফটের দাবি ছিল প্রতিদিন ৩ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ ব্যবহার করত স্কাইপ। উল্লেখ্য, ২০০৩ সালে প্রথমবার লঞ্চ হয়েছিল স্কাইপ। তারপর খুব দ্রুতই তা জনপ্রিয় হয়ে ওঠে। ২০১১ সালে এর মালিকানা চলে যায় মাইক্রোসফটের হাতে। এরপর থেকে টেক জায়ান্ট সংস্থাটি বেশ কয়েকবার স্কাইপের ডিজাইন বদলেছে। গত কয়েক বছরে মাইক্রোসফট পরীক্ষা-নিরীক্ষা করেছিল স্কাইপকে নিয়ে। স্কাইপ ক্লিপসের মতো নতুন ফিচার এনেছিল। পাশাপাশি ক্যাপিলট এআইও আত্মপ্রকাশ করে স্কাইপের জনপ্রিয়তার পারদকে ঊর্ধ্বমুখী করতে। কিন্তু কোথায় কী। টিমসের পাশে ক্রমেই টিমটিমে হয়ে গিয়েছে স্কাইপ।
আসলে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের ভিডিও কলিংয়ের আগমনের পরে যোগাযোগের প্রযুক্তিতে নতুন বিপ্লব আসে। এরপর থেকেই আরও বেশি গুরুত্ব হারিয়ে ফেলে স্কাইপ। কিন্তু এখনও যারা ব্যবহার করতেন স্কাইপ, তাদের কী হবে? মাইক্রোসফট জানিয়ে দিয়েছে তাদের কোনো সমস্যা হবে না। অনায়াসেই সব চ্যাট ও কনট্যাক্ট ট্রান্সফার করে দিতে পারবেন টিমস প্ল্যাটফর্মে এবং সে জন্য বেশ কয়েক মাস সময়ও দেওয়া হয়েছিল।