ভারতশাসিত কাশ্মীরের জম্মু শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপিকে একটি নিরাপত্তা সূত্র বিমান বন্দরে বিস্ফোরণের খবর জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জম্মু বিমান বন্দরের কাছে ১৬টি বস্তু আঘাত হেনেছে।
ওই প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, ওই সময় বাজার বন্ধ ছিল এবং তারা লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখেছেন, তখন সাইরেন বাজছিল এবং গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
এদিকে, ভারতীয় সেনাবাহিনীর সূত্র বিবিসিকে জানিয়েছে, জম্মুতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে, এ সময় গোটা শহর জুড়ে এয়ার সাইরেন বাজছিল।
রয়টার্সের একজন সাংবাদিক বলেছেন, রাতে সাইরেন বাজার পাশাপাশি জম্মুর আকাশে লাল শিখা ও ‘প্রজেক্টাইল’ দেখা গেছে।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ভারতীয় একজন কর্মকর্তা বলেছেন, জম্মুর বেশ কয়েক জায়গা এবং পাশের শহর আখনুর, সাম্বা ও কাঠুয়ায় হামলা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাত ৯টার কিছু আগে জম্মু-কাশ্মিরজুড়ে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় বলে স্থানীয়রা দাবি করেছেন। এর পরপরই শহরে সাইরেন বাজিয়ে ও ব্ল্যাকআউট করে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা নিজেদের মোবাইল ফোনে ধারণ করা পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও এনডিটিভির কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ভিডিওতে দেখা যায়, জম্মু-কাশ্মিরের আকাশে আলোর ঝলকানির পর বিস্ফোরণ ঘটছে। ভারতের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনে বাধা দেওয়ার সময় এই দৃশ্য দেখা যায় বলে ধারণা করা হচ্ছে।