বর্ণাঢ্য নানা আয়োজনে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের সাতটি মূলনীতি ধারণ করে মানবসেবায় নিজেদের নিয়োজিত করার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘মানবতার পাশে, এক সাথে’।
গতকাল বৃহস্পতিবার সকালে সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয় পতাকা, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের পতাকা এবং রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম। দিবসটি উপলক্ষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সোসাইটির সদর দপ্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ প্রাঙ্গণে শেষ হয়। সোসাইটির এক হাজারেরও বেশি যুব স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেয়। দিবস উপলক্ষে সোসাইটির স্বেচ্ছাসেবকদের জন্য আয়োজিত দেয়াল লিখন, কুইজ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সোসাইটির চেয়ারম্যান। একই সঙ্গে রেড ক্রিসেন্ট রক্ত কর্মসূচির আয়োজনে মেডিকেল কলেজ প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সংক্ষিপ্ত বক্তব্যে সবার সম্মিলিত প্রচেষ্টায় মানবতার কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ, জিন হেনরি ডুনান্টের প্রতিষ্ঠা করা এই সংগঠনকে আরও এগিয়ে নিতে যুব স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানান সোসাইটির চেয়ারম্যান ডা. মো. আজিজুল ইসলাম।
এ সময় সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. তাসনিম আজিম, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মুহাম্মদ সাইদুর রহমান, ডা. শেখ আবু জাফর ও ডা. মাহমুদা আলম মিতু, মহাসচিব ড. কবির এম আশরাফ আলম এনডিসি, উপ-মহাসচিব সুলতান আহমেদ, বিভিন্ন বিভাগের পরিচালকসহ সোসাইটির সব স্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব স্বেচ্ছাসেবক, আইএফআরসি, আইসিআরসি এবং পার্টনার ন্যাশনাল সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।জাতীয় সদর দপ্তরের পাশাপাশি সারা দেশে রেড ক্রিসেন্টের ৬৮টি ইউনিট উদযাপন করে দিবসটি। বিজ্ঞপ্তি