আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যান তারা। পরে রাত ১টা থেকে ১টা ২৩ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ফয়সালা হয়ে গেছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না। আমাদের ভাই-বোনেরা জীবন দিয়ে এই বাংলাদেশ থেকে চিরতরে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের শিক্ষার্থী ও গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ বলেন, আওয়ামী লীগকে পরিশোধিত করে তাদের আবারও বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার দিতে চান, তাদের সঙ্গে আঁতাত করার চেষ্টা করেন তাহলে জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হয়ে আমার আবার তাদের বিরুদ্ধে লড়াই করব। আমাদের প্রায় ২ হাজার ভাই-বোন জীবন দিয়েছেন। আমরা বিপ্লবীরা যারা জীবিত রয়েছি তারা আবারও জীবন দেব, তবু আওয়ামী লীগকে কোনোদিন রাজনীতি করার অধিকার দেব না।
শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, আমরা আওয়ামী নিষিদ্ধের এই যৌক্তিক দাবিতে এত প্রহসন সহ্য করতে চাই না। আমরা চাই এই ইন্টেরিম সরকার এই যৌক্তিক ও ন্যায্য দাবির চাহিদা উপলব্ধি করুক। তাদের এই প্রহসনের আচরণ আমরা আর মেনে নিতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি এদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আগস্ট মাস থেকে অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদেশে রিফাইন্ড আওয়ামীলিগ ফ্রেমিং করা হচ্ছে। এরা আমাদের চারপাশে আমাদের আন্দোলনকে বানচালের চেষ্টা করছে৷ কিন্তু আওয়ামী লীগকে এদেশের মাটিতে ঠাঁই দেওয়া হবে না।