এটা আর কেবল ইউরোপা লিগ ফাইনাল নয় এটা হতে চলেছে আঞ্জে পোস্তেকোগলুর টটেনহ্যাম ক্যারিয়ারের ভাগ্যনির্ধারক ম্যাচ। গ্লিমিটকে ২-০ গোলে সেমিফাইনালে হারিয়েছে টটেনহ্যাম। তাতেই ফাইনালে উঠে গেছে হ্যারি কেইনের সাবেক দল।
দ্বিতীয় মৌসুমেই শিরোপা জেতার ঘোষণা দিয়েছিলেন অস্ট্রেলিয়ান কোচ। শুরুতে সেই কথা একটু সাহসী বলেই মনে হয়েছিল। তবে এখন শিরোপা জয়ের থেকে তিনি আর মাত্র একটি ম্যাচ দূরে।
টিএনটি স্পোর্টসকে সাবেক স্পার্স তারকা গ্লেন হডল বলেন, 'সতর্ক হও, কী স্বপ্ন দেখছো সেটা নিয়ে। পোস্তেকোগলু বলেছেন—‘আমি সবসময় দ্বিতীয় মৌসুমে কিছু জিতি।’ তার খেলোয়াড়েরা সেই বিশ্বাস ধারণ করেছে, এখন সমর্থকরাও করছে। এক ম্যাচে সব বদলে যেতে পারে।'
তবে সাবেক টটেনহ্যাম গোলরক্ষক পল রবিনসনের মতে, এই ম্যাচ রুবেন আমোরিমের ইউনাইটেডের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ টটেনহ্যামের জন্য।
'এই ম্যাচে না জিতলে পোস্তেকোগলু আগামী মৌসুমে থাকছেন না,' বললেন বিবিসিকে।
'এই একটা ফলাফলের ওপর দাঁড়িয়ে আছে তাঁর গোটা মৌসুম, এমনকি টটেনহ্যামে তাঁর চাকরি। ফাইনাল না জিতলে ক্লাব আবার নতুন করে শুরু করতে বাধ্য হবে। এটা টটেনহ্যামের জন্য বিশাল কিছু।'
চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার অর্থনৈতিক সুবিধা তো আছেই। তবে সবচেয়ে বড় লাভ—ক্লাবের স্থিতিশীলতা ধরে রাখা।
এই ম্যাচে তাই শিরোপার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে ভবিষ্যতের প্রশ্ন। পোস্তেকোগলু পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।