টাঙ্গাইলের মির্জাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ পিকআপ যাত্রী নিহত হয়েছেন। বাসার আসবাবপত্র নিয়ে পিকআপটি গাজীপুর থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার মাদলা গ্রামের আব্দুর রশিদের ছেলে উজ্জল (৩৬), তার সহকর্মী (পরিচয় অজ্ঞাত) ও পিক আপচালক আল আমিন নিহত হন।
পান্না সরকার নামের প্রত্যক্ষদর্শী বলেন, বিকেলে একটি পিকআপ মিলগেট এলাকায় মহাসড়কের পাশে থেমে থাকা একটি লোভেট (খননযন্ত্র বহনকারী গাড়ি) পেছনের অংশে আছড়ে পড়ে। এতে লোভেটের ওপর থাকা খননযন্ত্রের মুখ পিকআপটির সামনের অংশে ঢুকে সামনে বসা তিনজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর প্রায় ৩০ মিনিট লোভেটটি মহাসড়কেই ছিল বলে জানান তিনি।
নিহত উজ্জলের ভাবি বলেন, উজ্জল গাজীপুরে বাসা ফাউন্ডেশন নামক একটি এনজিওতে চাকরি করত। পরিবার নিয়ে গাজীপুরেই থাকত। ভাড়া বাসা ছেড়ে দিয়ে ওর পরিবারকে বৃহস্পতিবার সকালে বাড়ি পাঠিয়ে দিয়েছে। বাসার আসবাবপত্র বাড়িতে পৌঁছে দিতে ও পিকআপ নিয়ে রওনা হয়েছিল।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ খান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে পিকআপ চালকের নাম ও একজনের পরিচয় পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।