প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান বিক্ষোভ থেকে সরে মিন্টো রোডের ফোয়ারার সামনে তৈরি মঞ্চে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা। আজ শুক্রবার আন্দোলনরতরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জুমার নামাজ আদায় করেন।
শুক্রবার (৯ মে) দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা মঞ্চ থেকে এসে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের রাস্তার ওপরেই নামাজের প্রস্তুতি নেন।
কেউ জায়নামাজ, আবার কেউ রুমাল বিছিয়ে নামাজের জন্য বসেন। কাউকে কাউকে জাতীয় পতাকাকে সামনে রেখে সারিতে বসতে দেখা যায়। সুন্নত নামাজ আদায় ও খুতবা শেষে দুপুর ১টা ১০ মিনিটে জুমার নামাজ শুরু হয়। এতে ইমামতি করেন এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর সোয়া ১২টায় মিছিল নিয়ে মঞ্চের সামনে আসেন হাসনাত-সারজিসসহ নেতারা। এতে যোগ দেবেন জুলাই আন্দোলনের শহিদ পরিবার ও আহতরা। পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তারা যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ ছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ হাদী সমাবেশস্থলে আন্দোলনকারীদের নিয়ে জুমার নামাজ পড়ার ঘোষণা দিয়েছেন।