বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে আন্দ্রে এডামসের সময়টা সম্ভবত শেষের পথে। নিউজিল্যান্ডের সাবেক এই পেসারকে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় জানাতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় আসতে পারেন অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা শন টেইট। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি দুই বছরের চুক্তিতে বিসিবিতে যোগ দিয়েছিলেন এডামস। তবে চুক্তি শেষ হওয়ার কথা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হলেও, তার আগেই কোচিং স্টাফে রদবদলের সম্ভাবনা প্রবল। এডামসকে ঘিরে টিম ম্যানেজমেন্টে অসন্তোষ বিরাজ করছে বলে জানা গেছে। বিশেষ করে পেসারদের উন্নতির ঘাটতি নিয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ হোম সিরিজে দলের সঙ্গে ছিলেন এডামস। কিন্তু সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে মিরপুরে শুরু হওয়া ক্যাম্পে তিনি অনুপস্থিত। এই অনুপস্থিতি আরও বাড়িয়ে দিয়েছে অনিশ্চয়তার রেশ।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তার বলেন, ‘চুক্তি বাতিল হবে কি না নিশ্চিত না, তবে তিনি আর থাকছেন না, এটা প্রায় নিশ্চিত।’
তার জায়গায় যার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তিনি শন টেইট। এর আগে পাকিস্তানের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন টেইট। বিসিবির প্রাথমিক তালিকায় উমর গুলের নাম থাকলেও আন্তর্জাতিক কোচিং অভিজ্ঞতায় এগিয়ে থাকায় টেইটের দিকেই ঝুঁকছে বোর্ড।
সূত্র জানায়, ‘আমরা টেইট আর উমর গুল—দুজনকেই বিবেচনায় রেখেছিলাম। তবে টেইটের আন্তর্জাতিক কোচিং অভিজ্ঞতা বেশি, তাই তাকেই এগিয়ে রাখছে বোর্ড।’
বোর্ড এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, দল সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেওয়ার আগেই নতুন বোলিং কোচ চূড়ান্ত হয়ে যেতে পারে।
আন্দ্রে এডামসের সময় শেষ হলেও, সামনে টাইগার পেসারদের ডাগআউটে যদি শন টেইটকে দেখা যায়, তবে তা নিঃসন্দেহে বড় চমক হবে। আগ্রাসী মানসিকতার এই সাবেক গতিতারকার হাত ধরে বাংলাদেশের পেস আক্রমণ কতটা নতুন রূপ পায় এখন সেটাই দেখার বিষয়।