মেগা প্রকল্পের নামে এতদিন লুটপাট হয়েছে:  ফাওজুল কবির

‘মেগা প্রকল্পের নামে এতদিন দেশে লুটপাট হয়েছে। গ্রামাঞ্চলের উন্নয়ন হয়নি বললেই চলে। এখন সময় এসেছে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার।’— এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার (৯ মে) সকালে বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাট খেয়াঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অপর এক প্রশ্নের উত্তরে নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের প্রকৃত উন্নয়নের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তাই জনকল্যাণে অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের মানুষকে সহযোগিতা করতে হবে।’

তিনি আরও জানান, বরিশালের মীরগঞ্জ এলাকায় বহুল প্রতীক্ষিত একটি সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে, যা শেষ হলে স্থানীয় জনগণ ব্যাপকভাবে উপকৃত হবেন। সেইসঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, দেশের ছয়টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই উপদেষ্টা শুক্রবার (৯ মে) হিজলা উপজেলার পুরাতন লঞ্চ ঘাট, মৌলভীরহাট লঞ্চঘাট এবং বিআইডব্লিউটিএর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন। একইদিন বিকেল ৩টায় তারা বাবুগঞ্জ-মুলাদী সংযোগ সেতুর কার্যক্রম পরিদর্শনে যান।

শনিবার (১০ মে) সকাল ১০টায় উপদেষ্টারা বরিশাল সার্কিট হাউসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। ওইদিন বিকেল ৪টায় বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে রাতেই তারা নৌপথে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করবেন।