রাজবাড়ীতে আ. লীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাসহা আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন (৬০), জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও রাজবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর আবু হাসান (৩৮), পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আমিরুল ইসলাম (৫৮) ও নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের দৌলতদিয়া ইউনিয়নের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম মন্ডল (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার সোহরাব মন্ডলপাড়ায় অভিযান পরিচালনা করে পাংশা থানা পুলিশ। অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দৌলতদিয়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়। বেলা পৌঁনে ১২টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্ত্বর এলাকা থেকে জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেনকে ও দুপুর সাড়ে ১২ টার দিকে পাংশার মাছপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে আরিুল ইসলামকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং দুপুর দেড়টার দিকে রাজবাড়ী শহরের ২নং বেড়াডাঙ্গা থেকে রাজবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে সাবেক কাউন্সিলর আবু হাসানকে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব বলেন, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের কৃত মামলায় তিনজনকে এবং বিশেষ ক্ষমতা আইনে অভিযান চালিয়ে পাংশায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সকলকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই অভিযান একটি চলমান অভিযান। এটি অব্যাহত থাকবে।