শিশুদের আঁকা ছবি নিয়ে বিশেষ প্রদর্শনী কখনো আমার মাকে

বিশ্ব মা দিবস উপলক্ষে নারীর জন্য প্রতিষ্ঠান ‘শান্তিবাড়ি’ আয়োজন করেছে শিশু-কিশোরদের আঁকা ছবি নিয়ে বিশেষ চিত্র প্রদর্শনী ‘কখনো আমার মাকে’। গতকাল শান্তিবাড়ির ‘গ্যালারি ফ্রিদা কাহলো’তে প্রদর্শনীর উদ্বোধন করেন ভাস্কর ও প্রফেসর লালা রুখ সেলিম ও ভাস্কর তৌফিক উর রহমান এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিন আহমেদ।

শিশুর জগৎ জুড়ে সবচেয়ে বড় স্থানটি মায়ের। মায়ের উপস্থিতিই শিশুর নিরাপত্তা, ভালোবাসা ও আত্মবিশ্বাসের মূল উৎস। কল্পনা, অনুভূতি ও চিন্তার প্রতিটি স্তরে মা-ই তার সবচেয়ে আপন, সবচেয়ে নির্ভরতার জায়গা এবং প্রথম বন্ধুর বটে। সেই মাকে নিয়ে সন্তানের অনুভূতি, ভাবনা ও আবেগ নিয়ে এবারের বিশ্ব মা দিবসে শান্তিবাড়ির বিশেষ এই আয়োজন। এই প্রদর্শনীতে রাজধানী ঢাকার বিভিন্ন স্কুলের নানা বয়সী ২৫ জন শিশু চিত্রশিল্পীর মাকে নিয়ে আঁকা চিত্রকর্ম স্থান পেয়েছে। উদ্বোধনের পরে শিশুরা পরিবেশন করে গান। 

৯ মে থেকে শান্তিবাড়ির ‘গ্যালারি ফ্রিদা কাহলো’তে (৩/১, ব্লক-এফ, ফ্ল্যাট-৫এ, লালমাটিয়া, ঢাকা) শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ১১ মে, রবিবার পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে। শেষ দিনে মা দিবসে সমাপনী পর্বে থাকছে শিশুশিল্পীদের গানের জলসা।