দীর্ঘ অনেক বছর ধরে গুম থাকা বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে গিয়েছিল তেজগাঁও থানা পুলিশ। পরে বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই ঘটনায় মুলতুবি ওয়ারেন্ট তামিল করতে যাওয়া পুলিশ দলের নেতৃত্ব দেওয়া এসআইকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার ডিএমপির তেজগাঁও থানার এসআই আকরাম হোসেনের নেতৃত্বে একটি দল মুলতুবি ওয়ারেন্ট তামিলের জন্য রাজধানীর তেজগাঁও থানার শাহীনবাগ এলাকায় যায়। একপর্যায়ে তারা গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসায়ও যান।
ডিএমপি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ঢাকা মহানগর পুলিশে নতুন যোগদান করায় তাদের কেউ জানত না যে, এটা এক যুগের বেশি সময় ধরে নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের বাসা।
বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন সম্পর্কে তাদের পূর্ব ধারণা না থাকায় অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয়। ইতিমধ্যে সংশ্লিষ্ট এসআই আকরামকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। অনাকাক্সিক্ষত এ ঘটনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিক দুঃখ প্রকাশ করছে। পতিত ফ্যাসিবাদী সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার প্রত্যেক ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি ডিএমপি সহমর্মিতা প্রকাশ করছে এবং তাদের নিরাপত্তায় ডিএমপি দৃঢ়প্রতিজ্ঞ।