দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন : ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিভিন্ন অজুহাতে সরকার নির্বাচন বিলম্বিত করতে চাইছে। জনগণ দ্রুত নির্বাচন চায়। তারা চায়, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে, তাই অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবারের উদ্যোগে ‘প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের  ভোটাধিকার প্রতিষ্ঠা, আত্মমর্যাদা, দেশে-বিদেশের সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, ‘আজকের যে বিষয়বস্তু প্রবাসীদের ভোটাধিকার আমাদের প্রায় দশ মিলিয়ন বা ১ কোটিরও বেশি প্রবাসী বিদেশ থাকে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। বিগত ১৭ বছর যাবত এদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বে সংস্কার চলছে আশা করব, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেবে।’ প্রবাসী পরিবার ২৪ এর সমন্বয়ক এবং সাপ্তাহিক জয়যাত্রার প্রধান সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম জাকারিয়া, আমেরিকার সজীব ওয়াজেদ জয়ের মামলার আসামি মাহমুদউল্লাহ মামুন (ইউএস), ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু (যুক্তরাজ্য), অ্যাডভোকেট পারভেজ (যুক্তরাজ্য), ব্যারিস্টার মরিয়াম চৌধুরী, প্রভাষক খোকন (ইতালি), রিপন সরকার (ইতালি বিএনপি), এম এম রাশেদ ও ইকবাল হোসেন (লন্ডন) প্রমুখ।