টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ের পরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানান রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপর লাল বলের ক্রিকেট থেকেও রোহিতের অবসর কিছুটা হঠাৎ করেই আসে। এবার তার পথেই হাঁটতে চলেছেন কোহলি—ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এমনটাই দাবি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ইতোমধ্যেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন কোহলি। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি না কোহলি বা বিসিসিআই। তবে বোর্ড সূত্রের দাবি, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে কোহলিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে।
এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, 'তিনি (কোহলি) সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং তা বোর্ডকে জানিয়ে দিয়েছেন। ইংল্যান্ড সিরিজ সামনে রেখে তাকে আবারও ভাবতে বলা হয়েছে। তবে এরপর তিনি আর কিছু বলেননি।'
রোহিত-কোহলির বিদায় ভারতের জন্য কিছুটা অস্বস্তিকরই বলা যায়। বিশেষ করে টেস্ট ব্যাটিং লাইনআপে এখন তরুণদের আধিক্য। শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল ও রিশাভ পান্তরা থাকলেও অভিজ্ঞতার ঘাটতি অনুভব করবে দল। এ ছাড়া রোহিত-কোহলির অনুপস্থিতিতে টেস্টে নেতৃত্ব দেওয়ার মতো একজন নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদি অধিনায়ক খুঁজছে ভারত। আলোচনায় সবচেয়ে এগিয়ে শুবমান গিল।
৩৬ বছর বয়সী কোহলি টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২৩ ম্যাচে ৪৬.৮৫ গড়ে করেছেন ৯২৩০ রান, যার মধ্যে রয়েছে ৩০টি শতক ও ৩১টি অর্ধশতক। তবে গত পাঁচ বছরে পারফরম্যান্সে দেখা গেছে পতন। শেষ ৩৭ টেস্টে তার রান ১৯৯০, মাত্র তিনটি শতকে। চলতি মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্ট সিরিজে তার গড় ছিল মাত্র ২৩.৭৫। সাতবারই তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন।
যদি কোহলি শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্তে অটল থাকেন, তবে তার মতোই রোহিতকেও দেখা যাবে কেবল ওয়ানডে ফরম্যাটে। দুজনেরই লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলা। আর তার আগেই ইংল্যান্ড সফরে ভারতের স্কোয়াড ও নতুন নেতৃত্ব কতটা কার্যকর হয়, সেটাই দেখার বিষয়। আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।