পাকিস্তান ৫ ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচের সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বিষয়টি নিয়ে সক্রিয় এবং চলমান আলোচনা চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিসিবি।
বিসিবি স্পষ্ট করে বলেছে—দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
'পাকিস্তান সফর নিয়ে পিসিবির সঙ্গে বিসিবির আলোচনা চলছে। তবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বর্তমান পরিস্থিতি, খেলোয়াড়দের নিরাপত্তা এবং দলের স্বার্থকে সর্বাগ্রে বিবেচনা করা হবে' এক বিবৃতিতে বলেছে বিসিবি।
বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু দেশ রূপান্তরকে বলেছেন, ‘আমরা তো সিরিজের আয়োজক না। সিরিজ আয়োজন করা না করা নিয়ে সিদ্ধান্তটা পিসিবির পক্ষ থেকে আসতে হবে। তবে আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি যদি ভালোর দিকে যায়, ওরা যদি বলে যেতে তাহলে আমার ক্রিকেটারদের পাঠাব। নাহলে পাঠাব না। আরও ১৫ দিন সময় আছে। ক্রিকেটারদের পূর্ণ মনোযোগ সংযুক্ত আরব আমিরাতের সিরিজ নিয়ে। আপাতত সেখানেই পাঠাব দল।’
এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় অংশগ্রহণ এবং প্রস্তুতি অব্যাহত রাখতে পূর্ব নির্ধারিত সংযুক্ত আরব আমিরাত সফর করছে বাংলাদেশ দল। আগামী সপ্তাহেই সেখানে দুই ম্যাচের একটি সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
১৭ ও ১৯ মে শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি। এরপর সেখান থেকে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেখানে ২৪ মে থেকে ৩ জুন পর্যন্ত ৫টি ম্যাচ হওয়ার কথা ফয়সালাবাদ ও লাহোরে।