দেশে ফিরে 'পাকিস্তান-ভারত' যুদ্ধবিরতির খবর জানলেন রিশাদ-রানা

পাকিস্তান-ভারত সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে বাধ্য হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে পিসিবির উদ্যোগে বিশেষ বিমানে করে রাওয়ালপিন্ডি ছেড়েছেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা।

বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা শুক্রবার (৯ মে) রাতে রাওয়ালপিন্ডি থেকে ওই বিশেষ ফ্লাইটে করে দুবাই যান। সেখান থেকে শনিবার বিকেলে তারা পৌঁছেছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর পৌছানোর পর জানলেন, পাকিস্তান-ভারত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। 

লেগস্পিনার রিশাদ হোসেন খেলছিলেন লাহোর কালান্দার্সের হয়ে, আর ডানহাতি পেসার নাহিদ রানা ছিলেন পেশাওয়ার জালমির স্কোয়াডে। যদিও পিএসএল শেষ হওয়ার আগেই ভারত-পাকিস্তান সীমান্ত পরিস্থিতি টানটান হয়ে ওঠায় দ্রুত বিদেশি খেলোয়াড়দের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বোর্ড, নেতৃত্বে ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

রিশাদের দলের হয়ে পিএসএলে অংশ নিয়েছিলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, ইংল্যান্ডের টম কারান, স্যাম বিলিংস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা, শ্রীলঙ্কার কুশল পেরেরা এবং নামিবিয়ার ডেভিড ভিসার মতো খেলোয়াড়রাও। রিশাদ-নাহিদের মতো তারাও পিএসএল ছেড়ে ফিরে গেছেন নিজ নিজ দেশে।