দ্রুত ম্যাচ শেষ করতে ১০ জন 'রিটায়ার্ড আউট'

বৃষ্টির শঙ্কা মাথায় রেখে ম্যাচ দ্রুত শেষ করতে অনন্য কৌশল নিল সংযুক্ত আরব আমিরাত নারী ক্রিকেট দল। ব্যাংককে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়ান কোয়ালিফায়ারে কাতারের বিপক্ষে ম্যাচে আরব আমিরাতের ব্যাটাররা 'রিটায়ার্ড আউট' হয়ে মাঠ ছাড়েন ম্যাচটি সম্পূর্ণ করতে!

১৬ ওভারে বিনা উইকেটে ১৯২ রান তুলেছিল সংযুক্ত আরব আমিরাত। অধিনায়ক ঈশা ওজা খেলেন ৫৫ বলে ১১৩ রানের ইনিংস। এরপরই বৃষ্টির শঙ্কা ছিল। আর টি-টোয়েন্টিতে ইনিংস ঘোষণার সুযোগ নেই। ফলে, ম্যাচ আগেভাগে শেষ করতে হলে পুরো দলকেই নামতে হয় মাঠে।

তাই প্রত্যেক ব্যাটার প্যাড পরে মাঠে গিয়ে কোনো বল না খেলে 'রিটায়ার্ড আউট' হন। উদ্দেশ্য দ্রুত ইনিংস শেষ করে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানো।

পরে বল হাতেও দাপট দেখায় তারা। কাতারকে গুটিয়ে দেয় মাত্র ২৯ রানে, ১১.১ ওভারে। ম্যাচটি তারা জেতে ১৬৩ রানের বিশাল ব্যবধানে।