সখীপুর

পানি আনতে গিয়ে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু  হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সখীপুরের বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাজলী বেগম (৬০) কালমেঘা দক্ষিণপাড়া এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।

কাজলী বেগমের পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে পানি আনতে ঘরের পাশে নলকূপে যান কাজলী বেগম। সেখানে একটি সাপ তার বাম হাতে ছোবল দেয়। এতে তার দুই আঙুলে সাপের দাঁতের চিহ্ন বসে যায়। এ সময় তিনি চিৎকার করে বিষয়টি ছেলেকে জানান। ছেলে তার মাকে নিয়ে দেড় ঘণ্টার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে কাজলী বেগমকে মৃত ঘোষণা করেন।

ছেলে হোসেন আলী বলেন, মার চিৎকার শুনে দৌড়ে গিয়ে আমি সাপ দেখতে পারি নাই। হাতে চিহ্ন দেখে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। তারপরও মাকে বাঁচাতে পারলাম না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নারী মারা গেছেন। তার বাম হাতের দুটি আঙুলে ক্ষতচিহ্ন দেখে বিষধর সাপের কামড় বলেই মনে হয়েছে। বিষয়টি থানায় জানিয়ে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।