বাঁশখালীতে হত‌্যা মামলার আসামিসহ গ্রেফতার ৪

চট্টগ্রামের বাঁশখালীতে পু‌লি‌শের পৃথক অভিযানে হত‌্যা মামলার এক আসামি ও নাশকতা মামলার তিন আসামিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শ‌নিবার বিকা‌লে আসা‌মি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন থানার অপারেশন অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ।

তিনি জানান, বাঁশখালী থানা পু‌লিশ উপজেলার চাম্বল, বাহারছড়া ও গন্ডামারা ইউনিয়নে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার আসামি মো. সাগর (৩২), মো. জামাল (৫০) এবং হত‌্যা মামলার আসামি মো. শফিকুর রহমান সাফায়েতকে (২৫) গ্রেফতার করে।

গ্রেফতারদের ম‌ধ্যে মো. সাগর উপজেলার চাম্বল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের পুত্র, মো. জামাল বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মৃত সালেহ আহমদের পুত্র, মো. শফিকুর রহমান গন্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাকের আহমদের পুত্র।

অপর‌দি‌কে অপর অভিযানে সাধনপুর এলাকা থেকে নাশকতা মামলার আসামি মো. মুজিবুল আলমকে (৪১) গ্রেফতার করে পুলিশের বিশেষ টিম। গ্রেফতার মুজিবুল আলম সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুয়ারী পাড়া মৌলভী বাড়ির মো. মুফিজুল আলমের পুত্র।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শনিবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়। পু‌লি‌শের এ  অভিযান অব্যাহত থাক‌বে।