গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির উদ্বোধন

নারায়ণগঞ্জের ১৪ স্পটে একযোগে ১০ হাজার চারা রোপণ

নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা- এই প্রত্যয়ে 'গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. নূর কুতুবুল আলম, আনসার ও ভিডিপি, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত, সড়ক ও জনপদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির  আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শূরা সদস্য মাওলানা মো.মঈনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মোস্তফিজুর রহমান দিপু ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, গণঅধিকার পরিষদে জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মো. নাহিদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয় এবং নগরীর বিভিন্ন সড়ক পদক্ষেণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ে বকুল গাছ রোপণের মাধ্যমে পরিবেশের প্রতি ভালোবাসার প্রতীক স্বরূপ একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়। এরপর বেলুন উড়িয়ে গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির সূচনা ঘোষণা করা হয়।

একই সময় জেলার ১৪টি নির্ধারিত স্থানে একযোগে প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচিকে একটি সময়োপযোগী ও সুদূরপ্রসারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে তিনি কেন্দ্রীয় ঈদগাহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পানাম নগর ও সার্কিট হাউজ চত্বরে নির্মিত নতুন ফোয়ারা উদ্বোধন করেন। দিনব্যাপী কর্মসূচির পরিশেষে বিভাগীয় কমিশনার মহোদয় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় অংশগ্রহণ করেন এবং কর্মদিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।