তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের মহাসমাবেশ’-এ অংশ নিয়ে ক্রিকেটার তামিম ইকবাল জানিয়েছেন চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের প্রতি দীর্ঘদিনের অবহেলার কথা।
শনিবার (১০ মে) বিকেলে অনুষ্ঠিত সমাবেশে তামিম বলেন, “একটা সময় সব খেলাতেই জাতীয় দলে চট্টগ্রামের ৬-৭ জন খেলোয়াড় থাকত। কিন্তু গত ১৫ বছরে এই জায়গা থেকে কষ্টেসৃষ্টে একজন-দুইজন সুযোগ পেয়েছে। কেন এমনটা হলো, তার জবাব খুঁজে বের করা জরুরি।” তিনি আরও বলেন, “১৫-২০ বছর আগে চিটাগাং থেকে অনেকেই বাংলাদেশের স্পোর্টসকে রিপ্রেজেন্ট করত। আমি বিশ্বাস করি, আবারও সেই জায়গায় ফিরতে পারব।”
তামিম বলেন, “হেলাল ভাই, ইসরাফিল ভাই ও হুম্মাম ভাইয়ের সাথে চট্টগ্রামের স্পোর্টস নিয়ে কথা হয়—কীভাবে আগের জায়গায় ফিরে যাওয়া যায়। আমি নিশ্চিত, তারা সুযোগ পেলে সর্বোচ্চ চেষ্টা করবেন।”
সমাবেশে নিজের অভিজ্ঞতা থেকে তরুণদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে তামিম বলেন, “জাতীয় দলে অমুকের কারণে খেলতে পারিনি, তমুকের কারণে খেলতে পারিনি—এটা স্পোর্টসম্যানের কথা হতে পারে না। স্পোর্টসম্যানের কথা হবে, ‘হয়তো আমার ভুল ছিল, সে কারণে দলে যেতে পারিনি।’”
ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে তামিম বলেন, “আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম, একটা অঘটন ঘটেছিল, এখন মাত্র রিকভার করছি। আপনাদের এত ভালোবাসা দেখে আমি খুবই খুশি। ইনশাআল্লাহ, আবার দেখা হবে। ভালো থাকবেন।”