জনগণ আওয়ামী লীগকে আর দেখতে চায় না: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পরিকল্পিতভাবে অস্থিরতা ও বিশৃখলা সৃষ্টি করে নির্বাচনকে অনিশ্চিত করার অপ্রয়াস চলনো হচ্ছে কি না জনমনে সন্দেহ দেখা দিয়েছে। গণহত্যাকারী ও মানবতাবিরোধী আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচার বিএনপিসহ সকলেই চায়। জনগণ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। এ বিষয়ে সরকারের উদ্যোগ অনুপস্থিত এবং রহস্যজনকও বটে।

আজ শনিবার বিকেলে ময়মনসিংহের হলুয়াঘাট পৌর শহরের উত্তর বাজারে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক পুনর্গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত এই কর্মীসমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, ব্যাপক হত্যা, গুম, দমন, নীপিড়ন, ভোটাধিকারসহ জন অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগ। ছাত্র গণঅভুত্থানে হাজার হাজার ছাত্র-জনতার জীবন ও রক্তের বিনিময়ে আওয়ামী লীগের পতন হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। তারা গণশত্রুতে পরিণত হয়েছে।

তিনি বলেন, পতনের ৯ মাস পার হলেও আওয়ামী লীগের কোনও পর্যায়ের নেতাকর্মীর কোনও অপরাধবোধ বা অনুশোচনা নাই। উপরন্তু তারা সীমান্তের ওপর থেকে নানা ষড়যন্ত্র করছে। তাদের রাজনীতি করার অধিকার নাই।

তিনি পাড়া-মল্লায়, অলিতে-গলিতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ছাত্র গণঅভুত্থান ব্যর্থ হতে দেওয়া যাবে না। প্রয়োজনে আবার রাজপথে নামতে হবে। সকল চক্রান্ত ব্যর্থ করে গণঅভুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ণ ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসমাবেশে অন্যান্যের মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান স্বাধীন, অনোয়ার হোসেন, তাজিকুল ইসলাম, মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গনি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান, পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবির হোসেন অন্তর বক্তব্য রাখেন।