ঢাকার প্রতিটি থানাকে জনসেবায় একটি রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ‘ভুক্তভোগীরা চাইলে সরাসরি আমার সাথেও কথা বলতে পারবেন।’
আজ রবিবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রেঞ্জ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় রেঞ্জের অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ডিআইজি রেজাউল করিম জানান, ‘জনগণের সেবাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে ঢাকা রেঞ্জের আওতাধীন প্রতিটি থানা, ফাঁড়ি, জেলা পুলিশ সার্কেল অফিস ও সংশ্লিষ্ট কার্যালয়ে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। একইসঙ্গে সার্বক্ষণিক নজরদারির জন্য ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা রেঞ্জের আওতাধীন ৯৮টি থানার সেবা কার্যক্রম আমি নিজেই মনিটর করব। প্রতিটি থানা হবে জনগণের—জনগণের জন্য কাজ করবে।’
সংবাদ সম্মেলনে তিনি সন্ত্রাস ও অপরাধ দমনের প্রতিও কঠোর অবস্থান তুলে ধরেন। ডিআইজি রেজাউল করিম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত কোনো দল বা সংগঠন অপরাধে জড়ালে কঠোরভাবে দমন করা হবে।’
পুলিশ বাহিনীর সদস্যদের জন্যও তিনি কঠোর বার্তা দেন। বলেন, ‘পুলিশের কেউ যদি চাঁদাবাজি বা অপরাধে জড়ায়, তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’
ডিআইজি রেজাউল করিমের ভাষায়, জনসেবার ক্ষেত্রে পুলিশকে হতে হবে আরও মানবিক, আরও দায়বদ্ধ—এ লক্ষ্যেই ঢাকার প্রতিটি থানাকে রূপান্তরিত করা হচ্ছে রোল মডেলে।