আবদুল হামিদের বিদেশ গমন তদন্তে উচ্চপর্যায়ের কমিটি 

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনের ঘটনা তদন্তের জন্য রবিবার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটিকে আগামী ১৫ দিনির মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে সভাপতি করে তিন সদস্যের এই কমিটির অপর দুই সদস্য হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

গত ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যান আবদুল হামিদ। তিনি হত্যা মামলার আসামি। তার এই বিদেশ গমন নিয়ে ব্যাপক সমালোচনা আর আন্দোলন সংগ্রামের মুখে ঘটনার ৩ দিন পর ওই তদন্ত কমিটি গঠন করা হলো।

কমিটি যেসব বিষয় পর্যালোচনার কথা বলা হয়েছে সেগুলো হলো গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কিভাবে বিদেশ গমন করেছেন এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বের ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কি না; এ ক্ষেত্রে কারা কোনও দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা নির্ধারণ করা এবং সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা যায় সে সম্পর্কে সুপারিশ পেশ করা।

উপরোক্ত কার্যাবলী সম্পাদনের লক্ষ্যে এই কমিটি প্রয়োজনীয় সকল দলিল পত্র, যন্ত্রপাতি, স্বাক্ষ্য-প্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে সকল সংস্থা কমিটি প্রদত্ত নির্দেশাবলী পালন করবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বাধ্য থাকবে।

কমিটি ইচ্ছা করলে সদস্য কো-অপ্ট (সদস্য সংখ্যা বৃদ্ধি করা) করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।