আওয়ামী লীগ নিষিদ্ধে নাটোরে জামায়াতের শোকরানা মিছিল 

আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় নাটোরে শোকরানা মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী নাটোর শহর শাখা। রবিবার (১১ মে) সকাল সাড়ে নয়টায় শহরের মাদরাসা মোড়ে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমির ও নাটোর সদর আসনে জামায়াত মনোনিত এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, সদর আমির অধ্যাপক মীর নুরুন্নবী, জেলা ছাত্র শিবিরের সভাপতি আফতাব আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আফতাব আলী। সঞ্চালনা করেন শহর শাখা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলন।

এ সময় বক্তারা বলেন, যারাই বাংলাদেশকে ভারতের তাবেদারি রাজ্যে পরিণত করতে চাইবে জনগণ তাদেরই নিষিদ্ধ করবে। এখনও যারা দেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান। দেশের আপামর যুবসমাজ সবাই এখন সচেতন। তাদের আর বোকা বানানো যাবে না। এই যুব সমাজই জনসাধারণকে সঙ্গে নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেবে।