দাবা খেলা নিষিদ্ধ করল তালেবান

তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানে দাবা খেলা নিষিদ্ধ করেছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এক ক্রীড়া কর্মকর্তা জানান,সরকারের নৈতিকতা আইনে জুয়া নিষিদ্ধ হওয়ায় দাবাকে জুয়ার মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছে ।

ক্রীড়া পরিদপ্তরের মুখপাত্র আতাউল মাশওয়ানি বলেন, ‘শরিয়াহ (ইসলামী আইন) অনুযায়ী দাবা জুয়ার একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয়। দাবা খেলার বিষয়ে ধর্মীয় কিছু বিবেচনা রয়েছে। এই বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত আফগানিস্তানে দাবা খেলা স্থগিত থাকবে।’

সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের কর্তৃপক্ষ অন্যান্য খেলাধুলাতেও নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং নারীদের কার্যত দেশটিতে খেলাধুলায় অংশগ্রহণ থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। গত বছর কর্তৃপক্ষ মিশ্র মার্শাল আর্টের (এমএমএ) মতো ফ্রি ফাইটিং পেশাদার প্রতিযোগিতা নিষিদ্ধ করে। কারণ এটি ‘খুব সহিংস’ ও ‘শরিয়াহর দৃষ্টিতে সমস্যাযুক্ত’ বলে মনে করা হয়।

সূত্র : এএফপি