শ্রমিক বিক্ষোভের জেরে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুর নগরীর কাশিমপুরে শ্রমিক আন্দোলনের জের ধরে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষণা করে কারখানা গেটে নোটিস ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল রবিবার সকালে শ্রমিকরা বিক্ষোভ করেন।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, বকেয়া বেতন ও কাজের দর বৃদ্ধিসহ বেশ কিছু দাবি নিয়ে কাশিমপুরের সুরাবাড়ি এলাকার মার্ক সোয়েটার লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছিলেন। সকালে কারখানা গেটে গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের নোটিস দেখতে পান। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই কারখানা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

নোটিসে লেখা রয়েছে, ‘মার্কা সোয়েটার লিমিটেড কারখানার সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলমান বেআইনি ধর্মঘট এবং অস্থিতিশীল পরিস্থিতির কারণে সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইনে ধারা-১০ (১) অনুযায়ী ১১ মে রবিবার থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।’

কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, কাজের রেট, এক কর্মকর্তার অপসারণসহ বেশ কিছু দাবিতে কয়েক দিন ধরেই শ্রমিকরা আন্দোলন করছিলেন। যার কারণে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এ কারণে শ্রমিকরা সকালে কারখানার সামনে বিক্ষোভ করেন। তবে পরিবেশ শান্ত রয়েছে।