রাজনীতিবিদদের আশ্রয়ে একদল দুর্বৃত্ত জীববৈচিত্র্য ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘তারা শুধু ধ্বংস করে না, তারা শেল্টার পায়। এসব ধ্বংসযজ্ঞ যারা চালায়, ওইসব রাজনৈতিক ব্যক্তি তার অংশ। এজন্য ওই রাজনৈতিক নেতার কোনো নৈতিক অধিকার থাকে না তাকে শাসন করার।’
গতকাল রবিবার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) নগর ও অঞ্চল পরিকল্পনাবিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিন দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন রবিবার ‘পরিকল্পিত বাংলাদেশ এবং নগর, অঞ্চল ও গ্রামীণ এলাকার বৈষম্যহীন উন্নয়ন : রাজনৈতিক অঙ্গীকার ও আগামীর পথনকশা’ শীর্ষক রাউন্ড টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের নদীগুলোয় এখন ধান চাষ হয়। সবই কি ভারত থেকে আসা পলিমাটির দোষ? আমাদের নদীগুলো আমাদের শরীরের ধমনি, শিরার মতো। আমরা নদীগুলো ধ্বংস করে ফেলছি।’
বিআইপির সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান প্রমুখ।