মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাডামসকে বিদায় বিসিবির

দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আন্দ্রে অ্যাডামস। চুক্তির মেয়াদ ছিল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তবে সময়ের আগেই এই নিউজিল্যান্ডার কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে পেস বোলিং কোচ ছাড়াই আগামী সংযুক্ত আরব আমিরাত সফরে যেতে পারে টাইগাররা।

আরব আমিরাত ও পাকিস্তান সফরকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ দল। সেখানে প্রধান কোচ ফিল সিমন্স, সহকারী সিনিয়র কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ট্রেনার নাথান কেলির উপস্থিতি থাকলেও অনুপস্থিত ছিলেন পেস কোচ অ্যাডামস। তখন থেকেই তার বিদায়ের গুঞ্জন জোরালো হয়।

শনিবার (১০ মে) মিরপুরে ফুল দিয়ে অ্যাডামসকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা। একই দিন বিসিবির মিডিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার রাবিদ ইমাম নিশ্চিত করেছেন, অ্যাডামস আর দলের অংশ নন।

গত বছর মার্চে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হন অ্যাডামস। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের পেস ইউনিটের উন্নয়নে কাজ করছিলেন তিনি। তবে বিসিবির একটি অংশ তার কাজ নিয়ে সন্তুষ্ট ছিল না। ফলে এক বছরের মধ্যেই চুক্তি ভেঙে ফেলল বোর্ড।

এদিকে, নতুন পেস বোলিং কোচ হিসেবে সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার শন টেইটের নাম ঘুরছে আলোচনায়। ধারণা করা হচ্ছে, পাকিস্তান সফর থেকেই দলের সঙ্গে যুক্ত হতে পারেন টেইট। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি।

সবশেষ বিপিএলে চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে কাজ করেছিলেন টেইট। বিসিবির নির্বাচক ফারুক আহমেদের নেতৃত্বে বোর্ড ইতোমধ্যেই টেইটের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে।

তবে এর আগেই বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাত সফর রয়েছে। সেখানে পেস ইউনিটের তত্ত্বাবধানে কেউ থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।