ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মর‌দেহ

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই সহোদর ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেনের (৮) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।

জানা গেছে, গত শনিবার বিকেল ৩টার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে দুই ভাই। এরপর তারা পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা ব্যাপক তল্লাশি চালিয়েও তাদের সন্ধান পাননি।

দুই দিন পর সোমবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার ভাটিতে হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকায় নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ দুইটির হস্তান্তর করা হবে পরিবারের কাছে।