প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ’ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রজ্ঞাপন হাতে আসার অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। তিনি মন্তব্য করেন, ‘সূর্য উঠলে আকাশ পরিষ্কার হয়ে যাবে।’
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কার্টার সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ‘প্রজ্ঞাপনটা আগে আসুক। এখনো গেজেট হাতে আসেনি। অফিসিয়াল ডকুমেন্টস হাতে এলে কমিশন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। আমরা এই দেশের জন্য কাজ করি এবং বিষয়টিকে সমান গুরুত্ব দিচ্ছি।’
কার্টার সেন্টারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি জানান, ‘গত তিনটি জাতীয় নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠায়নি। এবার তারা আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের স্বাগত জানিয়েছি। বলেছি, যাদের অভিজ্ঞতা আছে, সবাইকে আমরা আমন্ত্রণ জানাব। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যারা কাজ করে, তাদের আমরা উৎসাহিত করি।’
তিনি আরও জানান, কার্টার সেন্টার বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে এবং সবাই নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করেছে বলে জানিয়েছেন তারা। ‘আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি সম্পর্কে তারা জানতে চেয়েছে। আমরা তাদের জানিয়েছি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা যে অঙ্গীকার করেছি, তা বাস্তবায়নে যাবতীয় প্রস্তুতি নিচ্ছি।’
বৈঠক শেষে কার্টার সেন্টার প্রতিনিধি দলের প্রধান জোনাথন স্টোনস্ট্রিট বলেন, ‘নির্বাচন-পূর্ব মূল্যায়নের অংশ হিসেবে আমরা সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে বৈঠক করছি। তারই ধারাবাহিকতায় আজ সিইসির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ১৯৬৮ ও ২০০১ সালেও কার্টার সেন্টারের প্রতিষ্ঠাতা বাংলাদেশ সফর করেছিলেন। আমরা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়কে গুরুত্ব দিয়ে থাকি।’