ঢাবি শিক্ষার্থীদের জন্য কাল চালু হবে ক্যাম্পাস শাটল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় এলাকায় চালু হতে যাচ্ছে ক্যাম্পাস শাটল। গ্রীন ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে ঢাবিতে ৪টি ইলেকট্রিক ভেহিকল শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে শিক্ষার্থীদের চাহিদার ওপর ভিত্তি করে শাটল সংখ্যা বাড়ানো হবে।

আগামীকাল মঙ্গলবার (১৩ মে) থেকে ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কগুলোতে শিক্ষার্থীদের জন্য চালু হতে যাচ্ছে এ ক্যাম্পাস শাটল ব্যবস্থা।

জানা যায়, প্রাথমিকভাবে ৪টা রুটে ক্যাম্পাস শাটল চালু করা হচ্ছে। প্রতিটা শাটলে ১৪ জন করে বসতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাটল সার্ভিস চালু হওয়া নিয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

পরিবেশবান্ধব ইলেকট্রনিক ভেহিকেল অর্থাৎ ক্যাম্পাস শাটল নিয়ে গ্রীন ফিউচার ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার মাহাবুব তালুকদার (মহিউদ্দিন) বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পরিবহনে চড়বেন। পরিবেশবান্ধব ইলেকট্রনিক ভেহিকেল আগামীকাল সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরিক্ষামূলকভাবে চক্রাকারে চলাচল করবে।

তিনি আরও বলেন, ক্যাম্পাস শাটলে যাত্রার ভাড়া হবে সর্বোচ্চ ২০ টাকা এবং সর্বনিম্ন ১০ টাকা। এই ভাড়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে অভ্যন্তরে চলাচল করতে পারবেন। প্রত্যেক ভ্রমণে একজন গ্রীন ফিউচার ফাউন্ডেশনের সেচ্ছাসেবক (ঢাবি-শিক্ষার্থী) থাকবেন এবং ভাড়া সংগ্রহ করবেন। কুয়েত মৈত্রী হল ও তৎসংলগ্ন হলের শিক্ষার্থীগণ এই সেবার আওতায় থাকবেন।