অবশেষে জল্পনার অবসান। জাবি আলোনসোকে রিয়াল মাদ্রিদের পরবর্তী প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২০২৮ সালের জুন পর্যন্ত চুক্তি সই করেছেন সাবেক এই স্প্যানিশ ফুটবলার। ক্লাব ও কোচ, দুই পক্ষই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। তিন বছরের এই চুক্তির মধ্য দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে।
বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন দলবদল বিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
তিনি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ইতোমধ্যে বর্তমান কোচ কার্লো আনচেলত্তির বিদায় প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। ইতালিয়ান এই কোচকে সম্মানজনক বিদায়ী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে ক্লাবটির। আনচেলত্তির পরই শুরু হবে জাবি আলোনসোর যুগ। যেখানে মাঠে-মাঠে তার ফুটবল দর্শনের প্রতিফলন দেখতে মুখিয়ে থাকবে মাদ্রিদিস্তারা।
একসময় রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপানো মিডফিল্ডার শাবি আলোনসো কোচ হিসেবেও নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। বায়ার লেভারকুসেনের দায়িত্বে থেকে দুর্দান্ত সাফল্য পাওয়ার পর, এখন তিনি ফিরছেন নিজের প্রিয় ঘরে—বার্নাব্যুতে, তবে এবার ভিন্ন ভূমিকায়।
রিয়াল ভক্তরা তাই এখন গুনছে সময়, কবে মাঠে নামবে আলোনসোর মাদ্রিদ, কেমন হবে তার রিয়াল পুনর্গঠনের রূপকল্প।