অতিরিক্ত আইজিপি

নৌপথে নিরাপত্তায় পুলিশি টহল আরও জোরদার করা হবে

নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান জানিয়েছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তায় ও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নৌ পুলিশ সঙ্গে কাজ করছে। নদীর যেকোনও জায়গায় ছোট নৌযান হতে লঞ্চে যাত্রী ওঠানো বা নামানো বন্ধেও পুলিশ কাজ করছে।

আজ সোমবার নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক মতবিনিময়সভায় তিনি একথা বলেন।

মানুষের জান-মালের নিরাপত্তায় লঞ্চ ও জাহাজে পর্যাপ্ত সিসিটিভি স্থাপনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে অতিরিক্ত আইজিপি বলেন, নৌপথে নিরাপত্তায় পুলিশি টহল আরও জোরদার করা হবে।

সভার শুরুতেই নৌ পুলিশের পক্ষ থেকে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত, পণ্য ও পশুবাহী পরিবহনের নিরাপত্তায় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নৌঘাট ব্যবস্থাপনা, লঞ্চ/নৌযান, স্পিডবোট ও বাল্কহেড চলাচল, চাঁদাবাজি প্রতিরোধে করণীয়সহ নদী তীরবর্তী কোরবানির পশুরহাট, পশুর চামড়া পরিবহনের বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা গত ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে নৌ পুলিশের তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করেন। আসন্ন ঈদুল আজহায় নিরাপদ নৌপথ সংক্রান্তে বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।

মতবিনিময় সভায় নৌপথের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ডিআইজি নৌ পুলিশ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, অতিরিক্ত ডিআইজিবৃন্দ, অতিরিক্ত ডিআইজি (ঢাকা রেঞ্জ), পুলিশ সুপারবৃন্দ নৌ পুলিশ হেডকোয়াটার্স ও এডিসি (ট্রাফিক) লালবাগ, ডিএমপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি এবং নৌ পুলিশের সকল অঞ্চলের পুলিশ সুপারসহ নৌ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।