র‌্যাবের নাম, পোশাক পরিবর্তন নিয়ে ৫ সদস্যের কমিটি

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংস্থাটির নাম, পোশাক পরিবর্তনসহ সার্বিক বিষয়ে সুপারিশ দিতে একজন উপদেষ্টাসহ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের বিশেষায়িত বাহিনী র‌্যাবের পুনর্গঠন কীভাবে হবে, যে নাম আছে সেটিই থাকবে কি না, ইউনিফর্ম যা আছে তা বা একই ফোর্স থাকবে কি না এবং বাহিনী কীভাবে সংগঠিত হবে সেজন্য কমিটি গঠন করা হয়েছে। একজন উপদেষ্টার নেতৃত্বে পাঁচ থেকে ছয় সদস্যের সমন্বয়ে এ কমিটি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী কয়েকটি বাহিনীর প্রধানদেরও এ কমিটিতে সদস্য করা হয়েছে। প্রয়োজনে আরও সদস্য নিতে পারবে কমিটি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর নেতৃত্বেও আরেকটি কমিটি করা হয়েছে।  আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। সেই পরিপ্রেক্ষিতে ২০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাকের অনুমোদন দেওয়া হয়। ওই সময় বলা হয়, সম্পূর্ণ কালো রংয়ের পরিবর্তে ‘গ্রিন অলিভ’ রংয়ের পোশাক পাচ্ছে র‌্যাব।