আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) এবং ১৪ দলের নিবন্ধন বাতিলসহ জাপা চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে লিখিত চিঠি দিয়েছে সংগঠনটি।
গণ অধিকার পরিষদ জানায়, জুলাই আন্দোলনে আওয়ামী লীগের জোটসঙ্গী হিসেবে গণহত্যায় সহায়তা করায় জাতীয় পার্টিসহ ১৪ দলের নিবন্ধন বাতিলেরও দাবি জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ১৬ বছরে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করেছে এবং জাতীয় পার্টিসহ ১৪ দল এ শাসনকে সহযোগিতা করেছে। এ ছাড়া, পরপর তিনটি একতরফা নির্বাচনে অংশ নিয়ে তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে। তাই আওয়ামী লীগ ও তার জোটসঙ্গী প্রত্যেকটি দলের নিবন্ধন বাতিল করার আহ্বান করছে গণ অধিকার পরিষদ।
গণ অধিকার পরিষদের প্রতিনিধিদলে আরও ছিলেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, মাহফুজুর রহমান খান, হাবিবুর রহমান রিজু, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন।