সিএজির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫২তম বর্ষপূর্তি ও চার দিনব্যাপী সারা বাংলাদেশের সব নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রম গতকাল সোমবার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনলাইনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি উন্নত বাংলাদেশ গড়ার জন্য গৎবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে, সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে নির্দেশনা দেন। তিনি আরও বলেন, সরকারি সম্পদের যথাযথ কার্যকর ও মিতব্যয়ীতার সঙ্গে ব্যবহার হচ্ছে কি না তা মূল্যায়নের ক্ষেত্রে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেবা সহজীকরণ করে সেবাগ্রহিতাদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সার্ভিস অটোমেশনের পাশাপাশি বিভিন্ন অফিসে আগত সেবা গ্রহিতারা, বিশেষ করে সম্মানিত পেনশনার ও সরকারি চাকরিজীবী এবং অন্যান্য সেবা গ্রহিতাকে আন্তরিকতার সঙ্গে এ ডিপার্টমেন্ট নিয়মিত সেবা প্রদান করে যাচ্ছে এবং সেবাগ্রহিতারা সহজে দ্রুত সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করছেন। তিনি সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অধিকতর নিষ্ঠা ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় হিসাব মহানিয়ন্ত্রক এসএম রেজভী, ডেপুটি সিএজি (সিনিয়র) মো. শরীফুল ইসলাম এবং সিজিডিএফ এএইচএম শামসুর রহমানসহ নিরীক্ষা ও হিসাব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনলাইনে সংযুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি