অটোরিকশাচালকদের হামলায় আহত ১০ সিটি করপোরেশন কর্মী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যানজট নিরসনকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছেন অনুমোদনহীন অটোরিকশাচালকরা। এই হামলায় অন্তত ১০ জন যানজট নিরসনকর্মী আহত হয়েছেন। হামলার পর সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন হামলাকারীরা।

গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনে এ হামলার ঘটনা ঘটে। এর আগে সকাল থেকেই অনুমোদনহীন অটোরিকশা চলাচলের দাবিতে সিটি করপোরেশনের নগর ভবনের সামনে বিক্ষোভ করছিলেন ইজিবাইকের চালকরা। একপর্যায়ে তারা ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্রসহকারে হামলা চালান ও ইটপাটকেল নিক্ষেপ করেন।

যানজট নিরসনকর্মীরা বলেন, ‘নিবন্ধনহীন অটোচালকরা শহরে চলাচলের দাবিতে আন্দোলন করছিলেন। অন্যদিকে আমরা আমাদের নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছিলাম সড়কে। হঠাৎ করেই তারা আমাদের ওপর চড়াও হন ও এলোপাতাড়ি মারধর শুরু করেন। প্রাণ বাঁচাতে নগর ভবনের ভেতর প্রবেশ করলে তারা সেখানেও হামলা চালান। তাদের হাতে ধারালো অস্ত্র, লাঠি ও লোহার রড ছিল। হামলায় আমাদের অনেকের অবস্থা গুরুতর।’

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসেন বলেন, ‘বিনা উসকানিতে এ হামলা চালানো হয়েছে। আমাদের কর্মকর্তা-কর্মচারী এবং যানজট নিরসনে নিয়োজিত ছাত্র প্রতিনিধিদের ওপর তারা আক্রমণ করেছেন ইজিবাইকের চালকরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’