বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের অপসারণ দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। দীর্ঘ ২৯ দিনের টানা আন্দোলনের পর গতকাল সোমবাররাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই অনশন শুরু করেন ১১ জন শিক্ষার্থী।
আন্দোলনরত শিক্ষার্থীরা হলেন— মোকাব্বেল শেখ (লোক প্রশাসন বিভাগ, ২০১৮-১৯), রবিউল ইসলাম (ম্যানেজমেন্ট বিভাগ, ২০১৯-২০), এনামুল হক (ইংরেজি বিভাগ, ২০২০-২১), ওয়াহিদুর রহমান (আইন বিভাগ, ২০২০-২১), সাব্বির হোসেন (বাংলা বিভাগ, ২০২০-২১), মো. শওকত ওসমান সাক্ষর (আইন বিভাগ, ২০২১-২২), আব্দুর রহমান (আইন বিভাগ, ২০২১-২২), মো. রায়হান (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ২০২১-২২), মো. ইমন হাওলাদার (CSE বিভাগ, ২০২০-২১), নাজমুল ঢালি (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ২০২১-২২), মো. ইফতেখার রহমান (দর্শন বিভাগ, ২০২০-২১)।
অনশনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন।
আইন বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুর রহমান বলেন, ‘আমরা যে ভুল করেছি, তার খেসারত দিচ্ছি এখন। ভিসি গত আট মাসে আমাদের ২২ দফা দাবির কোনো বাস্তবায়ন করেননি। বরং চার দফা দাবি ব্যর্থ করতে আমাদের হুমকি-ধামকি দিয়েছেন। আমি মনে করি, তিনি ভিসি থাকার নৈতিকতা হারিয়েছেন। তাই এবার আমরা এক দফা—তার অপসারণ—নিয়ে আমরণ অনশনে বসেছি।’
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, ‘এক মাস ধরে আমরা চার দফা দাবিতে আন্দোলন করছি। কিন্তু প্রশাসন আমাদের কোনো কথা শুনেনি। উল্টো বারবার আমাদের দাবিকে ব্যর্থ করার চেষ্টা চালিয়েছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি—এই ভিসিকে দ্রুত অপসারণ করা হোক।’