বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক পদ থেকে আবারও এক শিক্ষক পদত্যাগ করেছেন। পদত্যাগকারী শিক্ষক ড. মো. আলমগীর মোল্লা, যিনি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
আজ মঙ্গলবার তার পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পৃথক দুটি চিঠিতে দেখা গেছে, তিনি শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের ঢাকা ও বরিশালের গেস্ট হাউজের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। উভয় পদেই পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।
অন্যদিকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের পদত্যাগের দাবিতে একদল শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রান্ডফ্লোরে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অনশন কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনকারীরা।