পাকিস্তানের সাদা বলের নতুন কোচ মাইক হেসন

নিউজিল্যান্ডের সাবেক প্রধান কোচ মাইক হেসনকে পাকিস্তান ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টির নতুন কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে পিসিবি। আগামী ২৬ মে ২০২৫ থেকে তিনি দায়িত্ব পালন শুরু করবেন।

নিউজিল্যান্ড সফরের পর সাদা বলের কোচের পদটি শূন্য ছিল। পিসিবি জানায়, বহু আবেদন পর্যালোচনার পর হেসনকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে।

মাইক হেসনের কোচিং অভিজ্ঞতা সমৃদ্ধ। তিনি এর আগে নিউজিল্যান্ড ও কেনিয়া জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপাধারী দল ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ হিসেবেও দায়িত্বে আছেন।

পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি এক বিবৃতিতে বলেন,‘নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও খ্যাতিমান কোচ মাইক হেসনকে পাকিস্তান পুরুষ দলের হোয়াইট-বল কোচ হিসেবে নিয়োগ দিতে পেরে আমরা আনন্দিত। তার রয়েছে আন্তর্জাতিক মঞ্চে সমৃদ্ধ অভিজ্ঞতা ও প্রতিযোগিতামূলক দল গড়ে তোলার অনন্য দক্ষতা। আশা করছি, তার নেতৃত্বে আমাদের হোয়াইট-বল ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছাবে। দলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তাকে স্বাগত জানাই।’

হেসনের অধীনে পাকিস্তান দল কতটা উন্নতি করে, এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।