জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন আত্মপ্রকাশ করবে আগামী শুক্রবার (১৬ মে)। রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে ‘জাতীয় যুবশক্তি’ নাম নিয়ে আত্মপ্রকাশ করবে সংগঠনটি।
মঙ্গলবার বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির যুব উইংয়ের সমন্বয়কারীদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ২৮ ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশের পর আমরা প্রত্যেক জেলার মানুষের সঙ্গে কথা বলেছি। কীভাবে যুব সংগঠন আত্মপ্রকাশ করতে পারি, সে বিষয়ে মতামত নিয়েছি। গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে সংগঠন যেভাবে জুলাই অভ্যুত্থানে বড় আকারে নেতৃত্ব দিয়েছে, তেমনি জাতীয় যুবশক্তি বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে পারবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বর্তমানে যে পরিবেশ তৈরি হয়েছে, তা এক দেড়শ বছরে একবার আসে। বাংলাদেশে বর্তমানে ৪০ শতাংশ তরুণ। এই তরুণদের শক্তিকে কাজে লাগাতে হলে তাদের সংগঠিত করা ছাড়া উপায় নেই।’
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উইংয়ের সমন্বয়কারী তরিকুল ইসলাম, এস এম শাহরিয়ার, তুহিন মাহমুদ, নাহিদা বুশরা প্রমুখ প্রমুখ।
গত ২৮ ফেব্রুয়ারি অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ ঘটে। এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল।