যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসের ধাক্কায় দুলাল মিয়া (৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী-ডেমরা রোডের শরীফপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের খালাতো ভাই মো. হাবিব জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের নিকলি উপজেলার ছেরসা গ্রামে। দুলালের বাবার নাম মৃত রুস্তম আলী। স্ত্রী কারিমা আক্তারসহ তিন সন্তানকে নিয়ে যাত্রাবাড়ী শনির আখড়া কচিকণ্ঠ স্কুলের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন। মঙ্গলবার ভোরে রিকশা নিয়ে বের হয়েছিলেন তিনি।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে ওই অটোরিকশা চালক একজন যাত্রী নিয়ে ডেমরা কোনাপাড়ার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা নাগরিক পরিবহনের একটি বাসের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মারা যায় রিকশা চালক দুলাল। এ  ঘটনায় আহত রিকশার যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ওই বাসটিকে জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।